রংপুরের কাউনিয়ায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত।
রংপুরের কাউনিয়া উপজেলায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন—রুবি (৩৬), তার ভাতিজি আফসানা আক্তার সিনহা (১৬) এবং দুই বছরের শিশু রাহাত। আহত হয়েছেন আফসানার চাচা আশরাফুল ইসলাম। তারা সবাই একই পরিবারের সদস্য। নিহত আফসানা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং পরীক্ষা দিচ্ছিল কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে অসুস্থ সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে স্ত্রী ও শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রওনা হন আশরাফুল ইসলাম। পথে পরীক্ষাকেন্দ্র ছিল বলে ভাতিজিকেও তুলে নেন। উত্তর মহেশা গ্রাম থেকে দুই কিলোমিটার যাওয়ার পর বেইলি ব্রিজের কাছে একটি মাইক্রোবাস হঠাৎ ব্রেক করে। তার পেছনে থাকা মাহিন্দ্রাও থামে। একই সময় আশরাফুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে পড়ে যান তিনি। অপরপাশে পড়ে যান তার স্ত্রী, শিশু সন্তান ও ভাতিজি। ঠিক তখনই পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলের পাশে ভুট্টাক্ষেতে কাজ করছিলেন স্থানীয় কৃষক আলম মিয়া।তিনি জানান, দুর্ঘটনার শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন আহত চালক মরদেহগুলো রাস্তার পাশে সরানোর চেষ্টা করছেন।তবে এর আগেই বাসটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
গ্রামে শোকের ছায়া, অবরোধের ঘোষণা
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর মহেশা গ্রামে শোকের মাতম। বাড়ির উঠানে রাখা তিনটি মরদেহের পাশে আহাজারি করছেন স্বজন ও প্রতিবেশীরা।
নিহতদের মরদেহ নিতে পুলিশ বাড়িতে গেলে পরিবারের সদস্য ও এলাকাবাসী বাধা দেন।পরে চিকিৎসক গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতদের জানাজা শেষে দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় বুধবার (১৪ মে) সকাল থেকে মীরবাগ বাজারে মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন স্থানীয়রা।
পুলিশের অবস্থান
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহানুর আলম বলেন, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে মাইক্রোবাস ও মাহিন্দ্রার হঠাৎ থামায় আশরাফুলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।তখন পেছন থেকে একটি বাস তাদের চাপা দেয়। ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মতামত দিন