বগুড়ায় জমি বিরোধে জামায়াত নেতা হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ ।
বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামিসহ দুজনকে আটক করেছে র্যাব-১২।
সোমবার (২ মার্চ) পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
মামলার তথ্য অনুযায়ী, রোববার সকালে নিহত হাফেজ মাওলানা সাইফুল ইসলাম নিজের ক্রয় করা জমিতে সীমানা দেয়ালের কাজ শুরু করলে প্রতিপক্ষ সেখানে গিয়ে বাধা দেয়। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের দুলাভাই আলী আজম বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, মামলার পর গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ধুনট উপজেলার মোহনপুর এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি বার্মিজ চাকুও উদ্ধার করা হয়েছে।
পরে একই দিনে ঠনঠনিয়া এলাকা থেকে অপর আসামি বেবী খাতুনকে আটক করা হয়। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মতামত দিন