সীতাকুণ্ডের জঙ্গল থেকে গলাকাটা গুরুতর আহত শিশুকে উদ্ধার, যৌন নির্যাতনের সন্দেহ।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড়ি জঙ্গল এলাকা থেকে গলাকাটা ও গুরুতর আহত অবস্থায় সাত বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববার (১ মার্চ) দুপুরের দিকে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
উদ্ধার হওয়া শিশুটি কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা নুর ইসলামের মেয়ে ইরা (৭)। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় শ্রমিকরা জানান, পাহাড়ি সড়কের নির্মাণকাজ চলাকালে জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় একটি শিশুকে হেঁটে বের হতে দেখা যায়। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটির গলায় গভীর ক্ষত থাকায় কাপড় দিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, শিশুটির শ্বাসনালী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে কথা বলতে পারছে না। তার পোশাকের অবস্থা দেখে প্রাথমিকভাবে যৌন নির্যাতনের আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত নিশ্চিত হতে মেডিকেল পরীক্ষা করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ আলতাব হোসেন বলেন, শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কীভাবে শিশুটি সেখানে পৌঁছেছে এবং কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
মতামত দিন