অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্টিল কারখানায় ডাকাতি শ্রমিক আহত।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বগুলা বাজার এলাকায় অবস্থিত এক স্টিল কারখানায় সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালিয়ে গেইট ও অফিস ভাঙচুরের চেষ্টা করেছে। হামলার সময় নৈশ প্রহরী ও অফিস স্টাফসহ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

ডাকাতরা মূলত স্ক্র্যাপ লোহা ও রড লুট করার চেষ্টা করছিল।

পুলিশ এবং কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি অস্ত্রধারী দল আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান একেএস স্টিল কারখানায় প্রবেশ করে। নৈশ প্রহরী মাইক ব্যবহার করে প্রতিবাদ জানানোর সময় স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পিছু হটে।

আহত নৈশ প্রহরী ক্ষতেন ত্রিপুরা এবং অফিস স্টাফ আবদুল মোতালেব জানান, হামলাকারীরা অফিসের ফ্লোর ও গেইট ভাঙতে চেষ্টা করে এবং এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। তবে স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে তাদের লুটপাটের চেষ্টা ব্যর্থ হয়।

কারখানার ডিজিএম ও এইচআর ইনচার্জ ইমরুল কাদের ভূঁইয়া বলেন, শ্রমিকরা এবং এলাকাবাসীর তৎপরতার কারণে ডাকাতরা শেষমেষ সরাসরি লুটপাট করতে সক্ষম হয়নি। ঘটনাটি সীতাকুণ্ড মডেল থানাকে অবহিত করা হয়েছে।

ওসি মো. মাহিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখা যায় হামলাকারীরা পিছু হটেছে এবং পাথর নিক্ষেপ করছে। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন