অপরাধ
ছবি: সংগৃহীত

পেকুয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি হওয়া ৮০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার, দুইজন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

পেকুয়া থানার পুলিশ চট্টগ্রামের চাক্তাই এলাকা থেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি হওয়া ৮০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটকরা হলেন মো. ইলিয়াস (৪০), বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডীর নুরুল ইসলামের ছেলে, এবং মো. কাউছার (৩৬), বায়েজিদ থানার জালালাবাদের বাচ্চু মিয়ারের ছেলে। তারা বুধবার বিকেলে উদ্ধার অভিযানে ধরা পড়ে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৭০০টি খালি গ্যাস সিলিন্ডার চট্টগ্রামে রিফিলের জন্য আনা হচ্ছিল। যাত্রাপথে পেকুয়া চৌমুহনী ফিলিং স্টেশনে গাড়ি থামালে, হেলপারের সহায়তায় ৮০টি সিলিন্ডার চুরি করা হয়। চালক পরে সিলিন্ডারের সংখ্যা কমে যাওয়ায় বিষয়টি জানেন।

পেকুয়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হেলপারের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে। অভিযানে চট্টগ্রামের চাক্তাই এলাকা থেকে সিলিন্ডার উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, হেলপার মোহাম্মদ নুর নবী (২৩) ও অজ্ঞাত কয়েকজনের কাছ থেকে কম দামে সিলিন্ডার কিনেছে।

পেকুয়া থানার ওসি খাইরুল আলম বলেন, বেক্সিমকো এলপিজি ফ্যাক্টরি টিএসএস লজিস্টিক লিমিটেড ট্রান্সপোর্টের প্রতিনিধি বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ এখন মূল হোতা মোহাম্মদ নুর নবীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

মতামত দিন