অপরাধ
ছবি: সংগৃহীত

বাবার সামনে থেকে তুলে নেওয়ার পর কিশোরীর লাশ মিলল সরিষা ক্ষেতে।

নিজেস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদী এলাকায় অপহরণের এক রাত পর আমেনা আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী গ্রামের একটি সরিষা ক্ষেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আমেনা বরিশালের আশরাফ হোসেনের মেয়ে। তারা মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় নূর মোহাম্মদের নেতৃত্বে কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায়। সে সময় বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করা হয়।

কিন্তু বুধবার রাতে আশরাফ হোসেন কাজ শেষে মেয়েকে আত্মীয়ের বাড়িতে পৌঁছে দিতে বের হলে বড়ইতলা এলাকায় পৌঁছানোর পর আবারও নূর মোহাম্মদ ও তার সহযোগীরা আমেনাকে জোর করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এরপর রাতভর খোঁজ করেও মেয়ের সন্ধান মেলেনি।

পরদিন সকালে স্থানীয় এক ব্যক্তি ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।

আমেনার বাবা দাবি করেন, পরিকল্পিতভাবে তার মেয়েকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে কিশোরীর সঙ্গে অভিযুক্তের সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। পরিবার তা মেনে না নেওয়ায় বিরোধ তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন