অপরাধ
ছবি: সংগৃহীত

কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাদুরগাছা গ্রামের একটি বিদ্যালয়সংলগ্ন পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় এক ব্যক্তি সকালে মাঠে যাওয়ার পথে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি রক্তাক্ত বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে শিশুটির লাশ পান।

নিহত তাবাসসুমের বাড়ি মহেশপুর উপজেলার ভৈরবা এলাকায়। তার বাবা নজরুল ইসলাম পেশায় দর্জির দোকানের কর্মচারী এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। পরিবারটি কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।

পরিবারের দাবি, বুধবার বিকেল সাড়ে ৩টার পর থেকে শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গোপন করতে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন