অপরাধ
ছবি: সংগৃহীত

নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মি সংযোগের অভিযোগে তিনজন আটক, বিপুল কিয়াট জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মিয়ানমারের কিয়াট জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর টহল দল চাকঢালা এলাকা ও পিলার-৪৩ সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—উয়ইমং মার্মা (২৫) রাঙামাটির রাজস্থলী উপজেলার থুইনুমং মার্মা, হলাচিং থোয়াই মার্মা (২৪) বান্দরবানের রুমা উপজেলার মিলুচিং মার্মা এবং গরাইমং মার্মা (৩০) একই এলাকার মংক্যাচিং মার্মা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শীঘ্রই আদালতে সোপর্দ করা হবে।

মতামত দিন