পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি।
সম্ভাব্য উত্তেজনা এড়াতে যশোরের বাঘারপাড়া পৌর এলাকায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। একই স্থানে দুই পক্ষ সমাবেশের ঘোষণা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আদেশ কার্যকর থাকবে। এ সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তাসহ আশপাশের এলাকা এবং উপজেলা মোড়সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে।
ইউএনও ভূপালী সরকার বলেন, একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার কারণে সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়েছিল। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মতামত দিন