হবিগঞ্জে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩০ জন আহত।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সামান্য বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা না গেলেও তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, আগের দিন একটি গরু অন্যের জমিতে বেঁধে রাখাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি রাতেই মীমাংসা না হওয়ায় সোমবার তা বড় আকার নেয়। উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ ঘটনায় উভয় দিকের বহু মানুষ আহত হন।
ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী বলেন, একটি তুচ্ছ বিষয় থেকেই উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে গরু খুঁটিতে বেঁধে রাখা নিয়ে বিরোধের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন