অপরাধ
ছবি: সংগৃহীত

মাদারীপুরে একই রাতে দ্বিমুখী সংঘর্ষ, বিস্ফোরিত শতাধিক হাতবোমা।

নিজেস্ব প্রতিবেদক:

মাদারীপুরে এক রাতেই দুই দফা সংঘর্ষের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিশোরদের দ্বন্দ্ব ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে।

সহিংসতায় অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর মডেল থানার পাশের সার্বিক কাউন্টারের সামনে হরিকুমারীয়া এলাকার কয়েকজন কিশোরের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও বাড়ে।

এরপর রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আরেকটি বড় ধরনের সংঘর্ষ শুরু হয়, যা রাত দেড়টা পর্যন্ত স্থায়ী হয়। দীর্ঘদিনের বিরোধের জেরে আক্তার হাওলাদার ও হাসান মুন্সির সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে।

সংঘর্ষের মধ্যে একটি মসজিদের মাইকে ‘সন্ত্রাসী ঢুকেছে’ বলে ঘোষণা দেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে ভয় আরও বেড়ে যায়। অনেকে ঘর থেকে বের না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাদারীপুর সদর মডেল থানা জানান, ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তার ভাষ্য, স্থানীয় আধিপত্যের বিরোধ থেকেই প্রায়ই এ ধরনের সংঘর্ষের সূত্রপাত হয়।

মতামত দিন