মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে মারধর ও লুটপাট:২৫ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর লঞ্চঘাটে পিকনিকের লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। রোববার (১১ মে) সকালে নৌপুলিশের এসআই মিলন বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।
মামলায় নেহাল আহমেদ জিহাদসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে যৌন নিপীড়ন, বেআইনি প্রবেশ, মারধর, ভাঙচুর ও লুটপাটের কথা উল্লেখ করা হয়েছে।
সদর থানার ওসি সাইফুল আলম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এম ভি ক্যাপ্টেন নামের একটি পিকনিক লঞ্চে হানা দিয়ে কয়েকজন তরুণীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। একইসঙ্গে মোবাইল ফোন ও নগদ অর্থ লুটের ঘটনাও ঘটে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।
শনিবার দুপুরে অভিযুক্ত নেহাল আহমেদ জিহাদকে কৌশলে আটক করে পুলিশ। রোববার তাকে গ্রেপ্তার দেখানো হয়। জিহাদ সদর উপজেলার যোগনীঘাট এলাকার মনির হোসেনের ছেলে ও একটি ছাত্র সংগঠনের সক্রিয় কর্মী।
এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সারজিস আলমের সঙ্গে জিহাদের ছবি প্রকাশ করে তার বিচার দাবি করেছেন অনেক নারী। পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মতামত দিন