সিরাজগঞ্জে পারিবারিক ঝগড়া থেকে দুই গ্রামে ব্যাপক সংঘর্ষ,আহত ৩০।
সিরাজগঞ্জ পৌর শহরের রেললাইনে বসবাসরত দুই জায়ের পারিবারিক ঝগড়া দুই গ্রামে ব্যাপক সংঘর্ষে রূপ নিয়েছে। মাহমুদপুর ও মিরপুর মহল্লায় গত দুই দিনে সংঘর্ষে শতাধিক বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে।
ঘটনার সূত্রপাত কুকুর ছানা নিয়ে কাইয়ুম ও সিয়ামের স্ত্রীদের মধ্যে সামান্য ঝগড়ার কারণে। এরপর দুই জায়ের স্বজনদের এসে সংঘর্ষে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দুই গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। কাইয়ুমের স্ত্রী সনি জানান, ধাপে ধাপে মারামারির জেরে তার স্বামী কাইয়ুম হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাহমুদপুর মহল্লার স্থানীয় রিয়াল বলেন, ভাঙচুর ও লুটপাটের শিকাররা মূলত স্থানীয় নয়; নদীভাঙার কারণে এখানে বসবাস করছিলেন। জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দুইপক্ষকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে এবং বিষয়টি সমাধানের জন্য একটি দিন নির্ধারণ করা হবে।
সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। কয়েকজনকে আটক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মতামত দিন