মুন্সীগঞ্জে পরিত্যক্ত মুদি দোকান থেকে তিন বালতি ককটেল উদ্ধার।
চরাঞ্চলে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে অভিযানে নেমে মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। একটি পরিত্যক্ত দোকানের ভেতর থেকে তিন বালতি তাজা ককটেল এবং মোবাইল টাওয়ারে ব্যবহৃত কয়েকটি চোরাই ব্যাটারি জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শনিবার রাত প্রায় ৯টার দিকে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। সেনা সদস্যরা প্রথমে মানিক শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করেন। পরে পাশের একটি ফাঁকা মুদি দোকানে রাখা তিনটি লাল প্লাস্টিকের বালতি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকেই ককটেলগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বালতিগুলোতে অর্ধশতাধিক ককটেল ছিল।
অভিযান প্রসঙ্গে ১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও আকিব জাভেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, সাম্প্রতিক বিরোধকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চলছিল। শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে আতঙ্ক তৈরি হয় এবং পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
অন্যদিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, জেলার নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন