অপরাধ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় কিশোরদের হামলায় যুবক নিহত, আহত ২।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একদল কিশোরের হামলায় ইয়াছিন খালাসি (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১০মে) রাত সাড়ে১১টার দিকে উপজেলার থানমাত্তা গ্রামের খালের ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন খালাসি ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের বাসিন্দা ও কৃষক জাহাঙ্গীর খালাসির ছেলে। তিনি স্থানীয় একটি ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে ইয়াছিন ও তার দুই বন্ধু রায়হান শেখ (২৪) ও শাকিব মাতুব্বর (১৬) ব্রিজের পাশে বসে কথা বলছিলেন। একপর্যায়ে তারা কাছাকাছি নির্মাণাধীন একটি ভবনের পাশে গেলে হঠাৎ ৭-৮ জন কিশোর তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে হামলাকারীরা তাদের পাশের একটি ফসলি জমিতে নিয়ে গিয়ে পুনরায় কোপাতে থাকে।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইয়াছিন মারা যান। রায়হান ও শাকিব বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

রোববার (১১ মে) বিকাল ৩টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ইয়াছিনের ময়নাতদন্ত চলছিল বলে জানা গেছে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. রিফাত বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার প্রক্রিয়াও চলমান।”

মতামত দিন