অপরাধ
ছবি: সংগৃহীত

গাজীপুরে ফুটওভার ব্রিজের লিফট শ্যাফট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুর শহরের হাজীর পুকুর এলাকা সংলগ্ন একটি নির্মাণাধীন ফুটওভার ব্রিজের লিফটের ফাঁকা অংশ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে গাছা মেট্রো থানা পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের সন্দেহের সূত্রপাত হয় লিফটের ফাঁকা স্থানের আশপাশে অস্বাভাবিকভাবে মাছির ভিড় দেখা যাওয়ায়। পরে ঢাকনা খুলে ভেতরে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

উদ্ধার অভিযানে থাকা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মরদেহের পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেছেন, পরিচয় শনাক্ত হলে বিস্তারিত তথ্য জানানো হবে। ঘটনাটি ঘিরে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মতামত দিন