ঝিকরগাছায় বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৬।
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১০ মে) বিকেলে উপজেলার ছুটিপুর গ্রামের জামতলা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কর্মীর নাম আশা (৩৫)। তিনি ঝিকরগাছার বালিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আতাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মইদুল (৩০)। মিছিলটি জামতলা মোড়ে পৌঁছালে বিপ্লবের নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ বাধা দেয়। প্রথমে বাকবিতণ্ডা ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইট-পাটকেল ছোড়া হয় এবং দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়। গুরুতর আহত হন আশা ও মইদুল।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মরদেহে রোববার (১১ মে) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আহত মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর নিহত আশার বোন নাসিমা বেগম ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
মতামত দিন