নারী-শিশুসহ ভারতীয় অনুপ্রবেশকারীরা খাগড়াছড়িতে আটক।
খাগড়াছড়িতে অনুপ্রবেশের অভিযোগে আটক ৭২ ভারতীয় নাগরিককে রাখা হয়েছে একটি সরকারি স্কুল এবং স্থানীয়দের দুটি বাড়িতে। গতকাল বুধবার ভোরে সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেয় বলে অভিযোগ উঠেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পানছড়ি উপজেলার লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন, মাটিরাঙ্গার শান্তিপুর এলাকায় একটি বাড়িতে ২৭ জন এবং তাইন্দং এলাকায় একটি বাড়িতে ১৫ জনকে রাখা হয়েছে। বিজিবি সদস্যরা এসব স্থানে সার্বক্ষণিক পাহারায় রয়েছেন।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, "সীমান্ত দিয়ে যাঁদের পুশ-ইন করা হয়েছে, তাঁদের বিষয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। যেহেতু অনুপ্রবেশকারীদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, মানবিক বিবেচনায় তাঁদের সাময়িক আশ্রয় ও খাবার দেওয়া হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি জানান, নতুন করে সীমান্তে পুশ-ইনের কোনো তথ্য পাওয়া যায়নি এবং এখনো পুশব্যাকের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় ৩০ জনকে একটি কক্ষে রাখা হয়েছে। এদের মধ্যে ২৩ জন নারী, ৩ জন পুরুষ ও ৪টি শিশু রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার ত্রিপুরা বলেন, বুধবার রাতে তাঁদের আনা হয় এবং প্রশাসনের তরফে নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে। বিজিবি ও পুলিশ যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, বুধবার ভোরে বিএসএফ শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং দিয়ে ১৫ জন এবং লোগাং দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মতামত দিন