ভোটের আগেই ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে কেন্দ্রটির নিরাপত্তা জোরদার করতে ক্যামেরা বসানো হয়েছিল। ২৯ জানুয়ারি বিকেলে নিয়মিত ছুটির পর শিক্ষকরা স্কুল বন্ধ করে চলে যান। এরপর টানা কয়েকদিন বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা ক্যামেরা খুলে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ২ ফেব্রুয়ারি সকালে শিক্ষকরা এসে বিষয়টি টের পান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম জানান, ঘটনাটি বুঝতে পেরে দ্রুত প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। নির্বাচনকেন্দ্রের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ ঘটনায় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত করার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটতে পারে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করার আহ্বান জানান।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিবের মতে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অংশ হিসেবেও এটি হতে পারে। সুষ্ঠু ভোট আয়োজনের জন্য নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব তিনি তুলে ধরেন।
এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানিয়েছেন, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

মতামত দিন