অপরাধ
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৫।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে আলোচিত হত্যা মামলার পলাতক আসামি শাওন (২৩) ও তার চার সহযোগীকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরক ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বসিলা সেনা ক্যাম্পের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে শোনা মিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা শাওনকে ওই অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে প্রকাশ্যে একজনকে কুপিয়ে হত্যার দৃশ্য দেখা গিয়েছিল বলে জানা গেছে।

অভিযানে শাওনের পাশাপাশি আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬) নামের আরও চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগানের গুলি, একটি চাইনিজ ছুরি, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, একটি রামদা, ইয়াবা ট্যাবলেট ও পাউডার, গাঁজা, মোবাইল ফোন, বিদেশি কয়েন এবং মাদক পরিমাপের একটি ওজন মেশিন উদ্ধার হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শাওনকে শনাক্ত করা হয় এবং তাকে ধরতে আগেও কয়েকবার চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ পরিকল্পিত অভিযানে তাকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

মতামত দিন