অপরাধ
ছবি: সংগৃহীত

প্রেম ও বিয়ের আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজেস্ব প্রতিবেদক:

প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতিকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

আদালতের আদেশে যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তারা হলেন—নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, পরিচিত মাসুদ রানা এবং সহযোগী মুনেম শাহ সৌমিক।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী আনাননিয়া শবনম রোজের সঙ্গে নোবেল প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের আশ্বাস দেখিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করেন, যা পরবর্তীতে আত্মসাৎ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে তদন্ত শেষে পিবিআই চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করে।

সোমবার ওই প্রতিবেদন গ্রহণের দিন ধার্য থাকায় শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে নোবেলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিশৃঙ্খলা ও প্রতারণার অভিযোগ উঠলেও, এ মামলায় প্রথমবারের মতো তার পরিবারের সদস্যদের নামও অভিযোগের তালিকায় এসেছে।

মতামত দিন