অপরাধ
ছবি: সংগৃহীত

এপস্টেইন–সংক্রান্ত নথিতে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের নাম, নেটদুনিয়ায় আলোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্বজুড়ে আলোচিত জেফ্রি এপস্টেইন কাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নতুন নথি প্রকাশের পর বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের নাম ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এসব ফাইল সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

মার্কিন বিচার বিভাগ গত ৩০ জানুয়ারি বিপুল পরিমাণ নথি জনসমক্ষে প্রকাশ করে। প্রায় ৩০ লাখ নথির এই সংগ্রহে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত বহু ব্যক্তির নাম উঠে এসেছে। সেই তালিকায় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের নামও রয়েছে। এসব নথিতে অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত নথির মধ্যে থাকা কিছু ইমেইলে জেফ্রি এপস্টেইনের পরিকল্পিত ভ্রমণ নিয়ে আলোচনা দেখা যায়। কিউবাসহ কয়েকটি স্থানে আয়োজিত বৌদ্ধ দর্শন, প্রযুক্তি ও চিকিৎসা বিষয়ক কর্মশালায় সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকায় অনুরাগ কাশ্যপের নাম অন্তর্ভুক্ত ছিল বলে উল্লেখ রয়েছে।

তবে সংশ্লিষ্ট পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা বলছেন, কোনো ইমেইলে নাম থাকলেই বাস্তবে সেখানে উপস্থিত থাকার বিষয়টি প্রমাণিত হয় না। অনুরাগ কাশ্যপ ও এপস্টেইন একই সময়ে একই স্থানে ছিলেন—এমন কোনো নিশ্চিত তথ্য বা নথিভিত্তিক প্রমাণ এখনো সামনে আসেনি।

এই তথ্য প্রকাশের পর অনুরাগ কাশ্যপের ভক্তদের মধ্যেও ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ এটিকে নিছক কৌতূহলোদ্দীপক তথ্য হিসেবে দেখছেন, অন্য অংশ আবার বিষয়টিকে বিতর্কের জন্ম দেওয়া ঘটনা হিসেবে বিবেচনা করছেন।

উল্লেখ্য, বলিউডে স্পষ্টভাষী ও আপসহীন অবস্থানের কারণে অনুরাগ কাশ্যপ আগেও নানা সময় বিতর্কে জড়িয়েছেন। এবার জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথিতে তার নাম উঠে আসায় তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন।

মতামত দিন