অপরাধ
ছবি: সংগৃহীত

রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার, হাসপাতাল গেটেই চাঞ্চল্য।

নিজেস্ব প্রতিবেদক:

নওগাঁ শহরের একটি ব্যস্ত হাসপাতালের সামনে ভোরের আলো ফোটার আগেই পড়ে থাকা এক যুবকের মরদেহ ঘিরে শুরু হয় রহস্য। প্রথমে পরিচয় না মিললেও পরে জানা যায়, নিহত ব্যক্তি একজন সরকারি রাজস্ব কর্মকর্তা।

পুলিশ জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিচয় শনাক্তের পর জানা যায়, নিহতের নাম জুনায়েদ সাকী (৩৭)। তিনি জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশাল বিভাগের পিরোজপুর জেলায়।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুনায়েদ ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেলওয়ে জংশনে পৌঁছান। সেখান থেকে নওগাঁর মহাদেবপুরে অবস্থানরত স্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভোরে স্টেশন এলাকায় নামার পর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোর সাড়ে পাঁচটার দিকে একটি হলুদ রঙের পিকআপ ট্রাক হাসপাতালের সামনে এসে থামে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মরদেহ ফেলে রেখে গাড়িটি দ্রুত চলে যায়।

নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সান্তাহার থেকে নওগাঁ আসার পথে কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হতে পারেন। পরিবারের সদস্যদের খবর দিলে তারা হাসপাতালে এসে পৌঁছান।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনার ঘটনা বলেই মনে হচ্ছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার প্রকৃত কারণ ও পিকআপটির পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

মতামত দিন