অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ভাগিনা মুন্না গ্রেপ্তার।
রাজধানীর তুরাগ এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে তুরাগ থানাধীন হরিরামপুর এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয় বলে জানায় র্যাব।
র্যাবের ভাষ্য অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই অংশ হিসেবে পল্লবী ও আশপাশের এলাকায় সক্রিয় শীর্ষ সন্ত্রাসী মুন্নার গতিবিধি শনাক্ত করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-৪ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না স্বীকার করেন, তুরাগের হরিরামপুরে তার নিজস্ব বাংলোবাড়িতে অবৈধ অস্ত্র লুকানো রয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, এসব অস্ত্র রাজধানীর তুরাগ, মিরপুর, কাফরুল, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত হতো। এছাড়া ভাড়ার বিনিময়ে অস্ত্র সরবরাহের মাধ্যমেও বিভিন্ন অপরাধ সংঘটিত হতো বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
র্যাবের তথ্যমতে, সোয়েব হোসেন মুন্নার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানার সংখ্যা ১৭টি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন