অপরাধ
ছবি: সংগৃহীত

ভুল তথ্যে কারামুক্ত হত্যা মামলার তিন আসামি আবার গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ভুল প্রক্রিয়ায় কারাগার থেকে বেরিয়ে যাওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে ফের আইনের আওতায় এনেছে র‍্যাব। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই মুক্তি পাওয়া ওই তিনজনকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে র‍্যাব-১৪ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আটক ব্যক্তিরা হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। তারা সবাই একটি হত্যা মামলার আসামি ছিলেন।

র‍্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. শামসুজ্জামান জানান, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় ভুল তথ্যে কারা কর্তৃপক্ষ হত্যা মামলার তিন আসামিকে জামিনপ্রাপ্ত ভেবে মুক্তি দেয়। বিষয়টি জানার পর তাদের অবস্থান শনাক্ত করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এদিকে, জামিন ছাড়াই আসামিদের মুক্তির ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলে কারা কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাজিরা পরোয়ানাকে ভুলবশত জামিননামা হিসেবে ধরে নিয়ে আসামিদের মুক্তি দেওয়া হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নথিপত্র যথাযথভাবে যাচাই করলে এ ধরনের ঘটনা ঘটত না। তদন্তে আরও কারও গাফিলতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন