পাবনায় নকল দুধ কারখানায় অভিযান:৩ জন আটক, ২টি দোকান সিলগালা।
পাবনার বেড়ার নাকালিয়া বাজারে নকল দুধ তৈরির অভিযোগে দুইটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এই তৎপরতা পরিচালিত হয়।
কারখানাগুলোতে ব্যবহৃত ক্রিম সেপারেটর, ব্লেন্ডারসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এছাড়া দোকান দুটি সিলগালা করা হয় এবং চাবি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে রাখা হয়েছে। জনসমক্ষে পচা ও দুর্গন্ধযুক্ত মিষ্টি ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, নকল দুধ তৈরি করতে পাম অয়েল, ছানার পানি, ডালডা, আটা, ক্রিম ও সাবানের গুঁড়া মেশানো হতো। অভিযানের সময় ৩ জনকে হাতে-কলমে ধরা হয়। যেহেতু তাদের বয়স ১৮ বছরের নিচে, তাই ভ্রাম্যমাণ আদালত তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।
অভিযানের সময় কারখানার মালিক হাফিজুর রহমান হীরা ঘটনাস্থল ত্যাগ করেন। প্রশাসন তাকে আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানিয়েছেন, “জনস্বাস্থ্য রক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। এটি দুধের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান, এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মতামত দিন