অপরাধ
ছবি: সংগৃহীত

ফেনীতে শিক্ষার্থী নাশিত হত্যা: তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নিজেস্ব প্রতিবেদক:

ফেনীতে চতুর্থ শ্রেণির ছাত্র আহনাফ আল মাঈন নাশিতকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ. এন. এম মোরশেদ খান রায় ঘোষণা করেন।

বিচারক নির্ধারণ করেন, প্রত্যেক অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা করা হবে। জরিমানা পরিশোধ করতে না পারলে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন খাঁন জানান, দণ্ডপ্রাপ্তরা হলেন—আশ্রাফ হোসেন তুষার, মোবারক হোসেন ওয়াসিম ও ওমর ফারুক রিপাত। মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৮ ডিসেম্বর ফেনী শহরের একাডেমি এলাকায় কোচিং শেষ করে নাশিত মসজিদে নামাজ পড়তে যান। ফেরার পথে অপহরণকারীরা তাকে জুসে ওষুধ মিশিয়ে অচেতন করে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং মরদেহ রেললাইনের কাছে ফেলে দেওয়া হয়। মরদেহ যেন ভেসে না ওঠে, তার স্কুল ব্যাগে পাথর রাখা হয়েছিল।

নাশিতের বাবা মাঈন উদ্দিন সোহাগ ৯ ডিসেম্বর ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশের তদন্তে প্রধান অভিযুক্ত তুষারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আদালতের রায় পরবর্তী আপিলেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইনজীবী ও বাদী।

নিহত নাশিত ফুলগাজী উপজেলার জয়পুর গ্রামের আনসার আলী ফকিরের ছেলে। পরিবার ফেনী পৌরসভার একাডেমি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মতামত দিন