পরিত্যক্ত ঝোপ থেকে ফরিদপুর থানা থেকে লুট হওয়া গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার
ফরিদপুর শহরের একটি সরকারি দপ্তরের পাশে ফেলে রাখা অবস্থায় বিপজ্জনক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে রয়েছে একাধিক গ্রেনেড ও বিভিন্ন ধরনের কার্তুজ।
র্যাব-১০ জানায়, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শহরের বিএডিসি অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় অফিসের দক্ষিণ দিকের প্রাচীরের বাইরে ঝোপের ভেতর থেকে তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়। একই স্থান থেকে পাওয়া যায় শটগানের ৪১টি কার্তুজ এবং গ্যাসগানের ৩০টি তাজা কার্তুজ।
র্যাবের সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদগুলোর উৎস সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এগুলো ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া মালামাল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের সময় এসব অস্ত্র হাতছাড়া হয়।
তিনি আরও জানান, কারা এসব অস্ত্র সেখানে রেখে গেছে এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মতামত দিন