অপরাধ
ছবি: সংগৃহীত

বোয়ালমারীতে যৌথ তল্লাশিতে রাজনৈতিক কর্মী আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযানে এক রাজনৈতিক কর্মীকে আটক করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও সীমিত পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে মাহবুবুর রহমান ওরফে সজীব নামে এক ব্যক্তিকে আটক করেন।

নিরাপত্তা সূত্র জানায়, তল্লাশির সময় একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। পরবর্তীতে তাকে বোয়ালমারী থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তি স্থানীয়ভাবে যুবদল রাজনীতির সঙ্গে যুক্ত এবং উপজেলা পর্যায়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

বোয়ালমারী থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

মতামত দিন