গাইবান্ধায় সার পাচারের সময় ২০০ বস্তা অবৈধ সার উদ্ধার,চালক আটক।
গাইবান্ধা সদর উপজেলায় অবৈধভাবে সরকারি ভর্তুকিভিত্তিক ইউরিয়া সার পাচারের সময় ২০০ বস্তা সার এবং একটি ট্রাক কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের হাতে জব্দ হয়েছে। একই ঘটনায় ট্রাকচালক মিন্টু মণ্ডলকেও আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ট্রাকটি সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার ব্রিজ রোড এলাকার কদমতলা থেকে ধরা পড়ে। ট্রাকে থাকা সারগুলো তুলসীঘাট সরকারি বাফার গুদাম থেকে লোড করে কুড়িগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। স্থানীয়রা চলাচল সন্দেহজনক মনে করায় দ্রুত কৃষি দফতরে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), কৃষি অফিসার ও পুলিশ ট্রাকটি জব্দ করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, জব্দকৃত ১০ মেট্রিক টন ইউরিয়া সার পলাশবাড়ীর ডিলার রনি ট্রেডার্সের মালিক মোজাহারুল ইসলাম উত্তোলন করেছিলেন। নিয়ম অনুযায়ী সারগুলো নিজস্ব গুদামে সংরক্ষণ করার কথা থাকলেও তা বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল।
সারগুলো ক্রয় করার উদ্দেশ্যে কাবলির বাজারের ব্যবসায়ী মিজান ট্রাকটি নেওয়ার পথে ছিলেন। সদর উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন, “এখন সারগুলো জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জিম্মায় রয়েছে। যদি মালিকানা সঠিকভাবে প্রমাণ করা না যায়, তবে সেগুলো নিলামের মাধ্যমে কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ করা হবে।”

মতামত দিন