চাঁদাবাজি-নির্যাতনের অভিযোগে যুবক আটক, এলাকায় মিষ্টি বিতরণ।
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের এক যুবককে গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও নানা ধরনের হয়রানির অভিযোগে আলোচিত ওই যুবককে বুধবার সকালে পুলিশ আটক করে।
পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তি অন্তর মোল্লা (৩০)। তিনি সদর উপজেলার রাউতখামার গ্রামের বাসিন্দা। বৌলতলী তদন্তকেন্দ্রের একটি দল সকালে নিজ গ্রাম থেকেই তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে উলপুর বাজার ও আশপাশের এলাকায় অন্তর মোল্লার তৎপরতা বেড়ে যায়। ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে নিয়মিত চাঁদা দাবি, ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব ঘটনায় এলাকায় দীর্ঘদিন ধরে চাপা আতঙ্ক বিরাজ করছিল।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর উলপুর বাজারে একাধিক দোকানদার নিজেদের উদ্যোগে মিষ্টি বিতরণ করেন। ব্যবসায়ীরা জানান, চাঁদাবাজির কারণে স্বাভাবিক ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছিল। কয়েকদিন আগে একটি স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় বাজারে গাড়ি আটকে মারধর ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
গোপালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, অন্তর মোল্লার বিরুদ্ধে গোপালগঞ্জ ও যাত্রাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সভাস্থলে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন