অপরাধ
ছবি: সংগৃহীত

বড় মেয়েকে বার্তা পাঠিয়ে প্রাণ দিলেন পুলিশ সদস্য।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় কর্মস্থলেই এক পুলিশ সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যা ঘিরে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে যাত্রাবাড়ী থানার আওতাধীন ওই পুলিশ ফাঁড়ির ওয়াশরুমে কনস্টেবল শফিকুল ইসলামের (৪২) ঝুলন্ত মরদেহ দেখতে পান অন্যান্য সদস্যরা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

নিহত শফিকুল ইসলাম ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দুই সন্তানের জনক।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর আগে ভোররাতে নিজের বড় মেয়েকে মোবাইল ফোনে একটি আবেগঘন বার্তা পাঠিয়েছিলেন শফিকুল ইসলাম। সেখানে তিনি পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে না পারার আক্ষেপ প্রকাশ করেন এবং সন্তানদের দেখভালের অনুরোধ জানান। ওই বার্তার পর তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।

নিহতের শ্যালক আব্দুল হান্নান জানান, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং নানা পারিবারিক ও ব্যক্তিগত কারণে চাপের মধ্যে ছিলেন।

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রাসেল বলেন, খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি খতিয়ে দেখতে আইনগত প্রক্রিয়া ও অভ্যন্তরীণ তদন্ত চলছে।

মতামত দিন