শাজাহানপুরে সেনাবাহিনীর অভিযানে স্ত্রীসহ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেপ্তার।
গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার একটি গ্রামে চালানো সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।
সেনা সূত্র জানায়, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকায় দুই ধাপে তল্লাশি চালানো হয়। অভিযানের প্রথম ধাপে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে রাতের দিকে বাড়িতে পুনরায় অভিযান চালানো হলে তার স্ত্রী জান্নাত আক্তারকেও হেফাজতে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাজ্জাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র রাখার তথ্য পাওয়া যায়। সেনাসদস্যরা বাড়ির আশপাশে তল্লাশি চালালে একটি নর্দমা থেকে জার্মানিতে তৈরি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়। একই সময় বাড়ির ভেতর থেকে কয়েকটি ধারালো দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র ও আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতিও চলছে।

মতামত দিন