নৌপথে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র উদ্ধার, ২০ জন আটক।
গত চার মাসে দেশের বিভিন্ন নৌপথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও ২০ জনকে আটক করেছে কোস্ট গার্ড। একই সময় উদ্ধার করা হয়েছে ১০টি মরদেহ, যাদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর কোস্ট গার্ড সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জোনের কমান্ডার ইমতিয়াজ হোসেন।
তিনি জানান, নৌপথে পণ্য পরিবহনের নামে অবৈধ মজুদ ঠেকাতে ১ হাজার ২৫৭টি লাইটার জাহাজে অভিযান চালানো হয়েছে। পাশাপাশি নাবিক ও সংশ্লিষ্ট কর্মীদের সতর্ক করা হয়েছে। নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বোট টহলও চলছে।
জাটকা নিধন প্রতিরোধে চলমান অভিযানে ১ লাখ ৫৬ হাজার ৫৩০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ অবৈধ জাল ও বেশ কয়েকটি ট্রলার আটক করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ঈদুল আজহাকে সামনে রেখে লঞ্চঘাট, ফেরিঘাট ও পন্টুন এলাকাগুলোতে টহল ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

মতামত দিন