অপরাধ
ছবি: সংগৃহীত

সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: নতুন করে গ্রেপ্তার ৩,মোট আটক ৬।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাবের অভিযানে উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় তদন্তে অগ্রগতি এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব জানায়, সাম্প্রতিক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজনকে র‍্যাব এবং একজনকে পুলিশ আলাদা অভিযান চালিয়ে আটক করে। কক্সবাজার সদর এলাকা থেকে সর্বশেষ একজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

র‍্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ঘটনার পর থেকে সন্দেহভাজনদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে ২৫ জানুয়ারি খুলশীর একটি এলাকায় অভিযান চালিয়ে মিজান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরদিন ভোরে বায়েজিদ বোস্তামী থানাধীন একটি আবাসিক এলাকা থেকে আরেক সন্দেহভাজন মামুনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ কক্সবাজার সদর থেকে আলীরাজ হাসান ওরফে সাগর নামে আরেকজনকে আটক করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, আগেই আটক হওয়া তিনজনসহ মোট ছয়জন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে থানায় নেওয়া হয়েছে।

এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় স্থানীয় আলিনগর এলাকার ইয়াসিন বাহিনীর শীর্ষ নেতা মোহাম্মদ ইয়াসিন ও তার ঘনিষ্ঠ সহযোগী নুরুল হক ভান্ডারীর নামসহ ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও দুই শতাধিক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, হামলার সময় দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের জিম্মি করে দীর্ঘ পথ ধরে নিয়ে যায় এবং একটি নির্মাণাধীন স্থাপনায় আটকে রেখে নির্যাতন চালায়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরে যৌথ অভিযানে আহতদের উদ্ধার করা হয় এবং অস্ত্রগুলো পুনরুদ্ধার করা সম্ভব হয়।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মামলার পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

মতামত দিন