‘তোর ভাইকে মাথায় গুলি করিয়ে মেরেছি,তোকে মারতে আমি যাব’ হুমকির অডিও বার্তা ঘিরে চাঞ্চল্য
চট্টগ্রামে শ্রমিক দলের এক নেতার কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো হত্যার হুমকির একটি অডিও বার্তা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। হুমকি পাওয়া ব্যক্তি মো. আজিজ, যিনি বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজিজ পুলিশকে জানান, রোববার তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ভয়ংকর অডিও বার্তা পাঠানো হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার অভিযোগ, অডিওটি পাঠিয়েছেন চট্টগ্রামের পরিচিত অপরাধী মোবারক হোসেন ওরফে ইমন।
প্রায় আড়াই মিনিটের ওই অডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্রাব্য শব্দ ব্যবহার করে আজিজকে হুমকি দেওয়া হয়। বার্তায় প্রকাশ্যে হত্যার হুমকির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তুচ্ছ করে বক্তব্য দেওয়ার বিষয়টিও শোনা যায়।
আজিজ জানান, তার ভাই সরোয়ার হোসেন ওরফে বাবলা গুলিতে নিহত হওয়ার পর থেকেই তিনি নিয়মিতভাবে ভয়ভীতি ও হুমকির মুখে পড়ছেন। সর্বশেষ হুমকির ঘটনায় তিনি নিজেকে মারাত্মক ঝুঁকির মধ্যে মনে করছেন। বিষয়টি মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ওসি এবং নগর পুলিশ কমিশনারকে অবহিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার মারুফুল করিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি পুলিশের নজরে এসেছে এবং যাচাই করা হচ্ছে। তবে ভুক্তভোগী আনুষ্ঠানিকভাবে নিরাপত্তাহীনতার অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।
উল্লেখ্য, আজিজ নিহত সরোয়ার হোসেনের ছোট ভাই। সরোয়ার চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণাকালে গুলিতে নিহত হন।
মতামত দিন