মাধবদীতে ক্র্যাবের গাড়িতে সশস্ত্র হামলা—আহত ১২ সাংবাদিক।
নরসিংদীর মাধবদীতে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যদের বহনকারী গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) ক্র্যাবের বার্ষিক পিকনিক শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকে অংশ নিতে ক্র্যাবের সদস্যরা নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে পার্কের সামনে গাড়ি থামিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে। সাংবাদিকরা এতে আপত্তি জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে হামলা চালায় এবং সদস্যদের মারধর করে।
হামলায় আহতদের মধ্যে সাংবাদিক শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লাল রয়েছেন। তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর আহত একজনকে পুলিশি নিরাপত্তায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মতামত দিন