সিলেটে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের বিশেষ অভিযান,অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার ২
সিলেটে নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা জোরদার করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং অস্ত্র- বিস্ফোরক জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) র্যাবের পক্ষ থেকে জানানো হয়, রোববার সুনামগঞ্জ সদর থানার এলাকায় অভিযান চালিয়ে ২৮০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
অন্যদিকে, জৈন্তাপুর উপজেলার পরিত্যক্ত এক ভবন থেকে ২০টি পাওয়ার জেল বিস্ফোরক, ১০টি ডেটোনেটর এবং একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি পাইপগান উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী জানান, “নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনা করে র্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। স্থানীয় গোয়েন্দা টিম মাঠে সক্রিয় থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। কোনো নিরীহ নাগরিক যাতে গ্রেফতার না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।”
তাঁর মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেটে ৭৮টি পৃথক অভিযানে ১২২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মতামত দিন