প্রকাশ্য দিবালোকে গাজীপুরে গুলি ও ককটেল বিস্ফোরণ,২৫ লাখ টাকা হাতিয়ে নিল দুর্বৃত্তরা।
গাজীপুর মহানগরীতে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসন থানা এলাকার ব্যস্ত সড়কে গুলি ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্ট পয়েন্ট থেকে ২৫ লাখ টাকা লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে চন্দনা চৌরাস্তা সংলগ্ন আউটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলামের এজেন্ট পয়েন্টের ম্যানেজার সাইফুল ইসলাম ব্যাংকে টাকা জমা দিতে মোটরসাইকেলে করে বের হন। কাজিমউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ব্যক্তি তার পথরোধ করে।
এরপর পরিস্থিতি ঘোলাটে করতে তারা পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যেই টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে হঠাৎ বিস্ফোরণ ও গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মানুষজন দিগ্বিদিক ছুটোছুটি শুরু করলে সেই সুযোগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঘটনায় সাইফুল ইসলাম শারীরিকভাবে আহত না হলেও তীব্র মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন,
“ব্যাংকের টাকা জমা দিতে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, জড়িতদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”
এই ঘটনায় চন্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।
মতামত দিন