অপরাধ
ছবি: সংগৃহীত

সাভারের বিরুলিয়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, ভিডিও ভাইরাল।

নিজেস্ব প্রতিবেদক:

ভোররাতে ঢাকার সাভার এলাকায় সড়কে গাছ ফেলে একটি গাড়ি থামানোর চেষ্টা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে, শেষ পর্যন্ত কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বিরুলিয়া ইউনিয়নের আকরাইন–সাভার সড়কের কালিয়াকৈর অংশে এ ঘটনা ঘটে। ওই সময় একটি প্রাইভেটকার সড়ক দিয়ে যাওয়ার পথে রাস্তার ওপর ফেলে রাখা গাছের কারণে গতি কমাতে বাধ্য হয়।

ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাড়িটি ধীরগতির হলে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সামনে এগিয়ে আসে। চালক গাড়ি না থামিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা গাড়িতে হামলা চালায়। এতে প্রাইভেটকারটির একটি জানালার কাচ ভেঙে যায়।

ঘটনার বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান, ভোরে ওই সড়কে হঠাৎ যান চলাচল বন্ধ থাকতে দেখে পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তারা পর্যালোচনা করেছেন। তবে ভিডিওতে দৃশ্যমান স্থানটি সড়কের ঠিক কোন অংশ—তা নিশ্চিত করতে কাজ চলছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত অবস্থান শনাক্ত এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন