নয়াপল্টনের স্কুলে শিশু নির্যাতন: মামলার মূল অভিযুক্ত গ্রেফতার।
রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ‘শারমিন একাডেমি’তে চার বছর বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি পবিত্র কুমার বড়ুয়া, যিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী, স্কুলটিতে ভর্তি হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই শিশুটি শিক্ষকদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। পরে ভুক্তভোগীর পরিবার আইনি পদক্ষেপ নেয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউনিফর্ম পরা শিশুটিকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে একাধিকবার চড় মারেন এবং ভয়ভীতি দেখান। একই সময় এক পুরুষ শিক্ষককে স্ট্যাপলার হাতে শিশুটির দিকে এগিয়ে যেতে দেখা যায়।
সিসিটিভি অনুযায়ী, ঘটনাটি ঘটে রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে। পুরো সময়জুড়ে শিশুটির আচরণে ভয় ও আতঙ্কের স্পষ্ট লক্ষণ দেখা যায়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বহু মানুষ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে।
মতামত দিন