মোহাম্মদপুর–আদাবরে সেনাবাহিনীর রাতভর অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৬
রাজধানীর কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে মাদক চক্রের একাধিক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর একটি সূত্র জানায়, বুধবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত আদাবর এলাকার সুনিবিড় হাউজিং ও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকে কেন্দ্র করে ধারাবাহিক অভিযান চালানো হয়। এই অভিযানের লক্ষ্য ছিল এলাকায় সক্রিয় মাদক সরবরাহ নেটওয়ার্ক ভেঙে দেওয়া।
অভিযানের শুরুতেই সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, বিপুল সংখ্যক সিমকার্ড এবং ধারালো অস্ত্র উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান পরিচালনা করা হয় জেনেভা ক্যাম্প এলাকায়।
দ্বিতীয় ধাপের অভিযানে উদ্ধার হয় উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা, গাঁজা, হেরোইন ও বিদেশি মদ। পাশাপাশি মাদক বেচাকেনার সঙ্গে সংশ্লিষ্ট দুই লাখ টাকার বেশি নগদ অর্থ জব্দ করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে মোট ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।
মতামত দিন