মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা: পাঁচজন গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র।
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার সামসুল আলম সরকার জানান, মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মোহাম্মদ ইসমাইল হালদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। এদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে এবং রমজান ও লিমনের বাড়ি মাদারীপুরে।
পুলিশ সুপার জানান, ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল সোমবার দিবাগত রাতে মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা চালায়। ঘটনার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার ও তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
ঘটনার ভিডিও এক গাড়ির ড্যাশক্যামে ধারণ হওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। চালকের বুদ্ধিমত্তায় যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আরও একজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন