অপরাধ
ছবি: সংগৃহীত

মুক্তাগাছায় গভীর রাতে ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

পরিবারের সঙ্গে স্বাভাবিক রাত কাটানোর মধ্যেই আচমকা মৃত্যু নেমে আসে এক শ্রমজীবী যুবকের জীবনে। নিজ শয়নকক্ষে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তিনি।

নিহত ওই যুবকের নাম মো. শফিকুল ইসলাম (৩৫)। তিনি স্ত্রী ও তিন সন্তানসহ পরিবার নিয়ে বসবাস করতেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘুষবাড়ী এলাকায়। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ মোড় সংলগ্ন ওই বাড়িতেই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শফিকুল ইসলাম পেশায় একজন খেটে খাওয়া মানুষ ছিলেন। এলাকায় তার সঙ্গে কারও বিরোধ বা শত্রুতার কথা কেউ জানাতে পারেননি। ঘটনার রাতে একাধিক দুর্বৃত্ত তার ঘরের ভেতরে ঢুকে মালামাল তছনছ শুরু করে। এ সময় বিষয়টি দেখে ফেললে তাকে লক্ষ্য করে আকস্মিকভাবে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে।

পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতের বাবা তাশেম আলী বলেন, ‘আমার ছেলে খুব সাধারণ জীবন যাপন করত। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। কেন এমন করল, কিছুই বুঝতে পারছি না। আমি খুনিদের কঠোর শাস্তি চাই।’

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন