তিতুমীর কলেজের ছাত্রাবাসে হঠাৎ সংঘর্ষ,বেশ কয়েকজন শিক্ষার্থী আহত।
সরকারি তিতুমীর কলেজের একটি ছাত্রাবাসে হঠাৎ করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং হলের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে কলেজের শহীদ মামুন হল এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ছোট একটি বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হলেও তা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে হলের ভেতরে জানালার কাচ ভাঙা, দরজা ক্ষতিগ্রস্ত হওয়া এবং আসবাবপত্র এলোমেলো হয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কলেজ কর্তৃপক্ষ তৎপরতা শুরু করে।
আহত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন