অপরাধ
ছবি: সংগৃহীত

সিআইডির জালে আটক প্রতারক শামীম ওসমান।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারের শীর্ষ মহলের পরিচয় ভাঙিয়ে জেলা প্রশাসকের কাছে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে মো. শামীম ওসমান (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিট সোমবার (১৯ জানুয়ারি) সাভারে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিষয়টি মঙ্গলবার (২০ জানুয়ারি) গণমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার শামীম ওসমান নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসকের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। ওই বার্তায় তিনি রাজশাহীতে কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার না করার নির্দেশনা দেন এবং দাবি করেন—আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়।

একই সঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে তথাকথিত মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত তথ্য জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে ১ লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সিআইডির সিপিসি ইউনিটকে অবহিত করে।

এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডির একটি বিশেষ দল দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে এবং গ্রেপ্তার করে।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়, শামীম ওসমানের বিরুদ্ধে অতীতেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করাই ছিল তার মূল কৌশল।

এদিকে, রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন