অপরাধ
ছবি: সংগৃহীত

পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সৈয়দ সোহানুর রহমান গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার গ্রেফতার করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে। অভিযোগ, তিনি ৩ কোটি ৩০ লাখ টাকার আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের ৫ জানুয়ারি দুদক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছিল। মামলায় ৫৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ ও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ ছিল।

মামলার এজাহার অনুযায়ী, সৈয়দ আবেদ আলীর ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। এছাড়া তার বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাদের দুটি ব্যাংক হিসাব মিলিয়ে মোট ৩ কোটি ৫৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও রয়েছে।

এর আগে গত বছরের জুলাইয়ে পিএসসিতে প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি। পরে দুদক তার কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে।

দুদকের এই পদক্ষেপ গ্রেপ্তারকৃত ব্যক্তির সম্পদের উৎস যাচাই ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন