যাত্রীবাহী বাসে তল্লাশি, চালকের কাছ থেকে উদ্ধার ২ হাজারের বেশি ইয়াবা।
নোয়াখালীর বেগমগঞ্জে সড়কপথে মাদক পাচারের অভিযোগে একটি যাত্রীবাহী বাসের চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে উদ্ধার হয়েছে কয়েক হাজার পিস ইয়াবা।
ডিএনসি সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) রাতে নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট এলাকায় সন্দেহভাজন একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে চালকের হেফাজত থেকে ২ হাজার ৪৭০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটক ব্যক্তির নাম মো. শিপন (৩১)। তিনি নোয়াখালী সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত হাফিজ উল্লাহ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবহন খাত ব্যবহার করে ইয়াবা সরবরাহের একটি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ডিএনসির উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, আটক চালকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে।

মতামত দিন