অপরাধ
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর অভিযোগে দুই যুবককে গ্রামবাসী পিটিয়ে গুরুতর আহত করেছে। রোববার (১৮ জানুয়ারি) রাতের দিকে জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) এবং ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত প্রায় ২টার দিকে মজনু ও দ্বীন ইসলাম শাকিলের বাড়িতে গরু চুরির চেষ্টা করেন। গোয়াল ঘরের তালা ভাঙার শব্দে বাড়ির লোকজন জেগে ওঠেন। পরে তারা পালানোর চেষ্টা করলেও গ্রামবাসী ধাওয়া করে ধরে পিটুনি দেয়।

দু’জনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সোমবার ভোরে হাসপাতালে মৃত্যু ঘটে।

ওসি মাজহারুল ইসলাম বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি মজনু ও দ্বীন ইসলামের নামে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। পুলিশ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছে।

মতামত দিন