সাভারে পরিত্যক্ত ভবন থেকে আগুনে ঝলসানো দুই মরদেহ উদ্ধার, সন্দেহভাজন গ্রেপ্তার।
ঢাকার সাভারে পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টার থেকে আগুনে ঝলসানো দুই অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ সম্রাট নামে এক ভবঘুরে যুবককে আটক করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালেই এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত ইসলাম জানান, আটককৃত যুবকের আচরণ থেকে কোনো মানসিক অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। পুলিশ মনে করছে, তিনি স্বাভাবিক অবস্থায়ই অপরাধ সংঘটিত করেছেন।
মৃতদের পরিচয় শনাক্তে পুলিশের ব্যর্থতা জানিয়ে তিনি বলেন, “অজ্ঞাতপরিচয় মরদেহগুলো নিয়ে এখনও তদন্ত চলছে। তবে একজনের নাম নিশ্চিত হয়েছে—মডেল মসজিদের সামনে পাওয়া ৬৫ বছর বয়সী আসমা বেগম।”
পুলিশ সূত্র জানায়, প্রায় সাত মাস আগে সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। গত বছরের ২৯ আগস্ট কমিউনিটি সেন্টার থেকে এক অজ্ঞাত মরদেহ, আর ১৯ ডিসেম্বর একই স্থানে আরও একটি মরদেহ উদ্ধার হয়। সর্বশেষ রোববার সাভারের পরিত্যক্ত ভবন থেকে আগুনে ঝলসানো দুই মরদেহ পাওয়া গেছে।
সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, “ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। পারিপার্শ্বিক তথ্যের সঙ্গে মিলিয়ে সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়।” তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্ত চলমান এবং অন্য কেউ জড়িত কিনা তা নির্ধারণের জন্য পুলিশ কাজ করছে।

মতামত দিন